৩০ হাজার ফুট উচ্চতায় সুপারসনিক রকেট থেকে প্যারাসুট খোলার দৃশ্য ধারণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় সুপারসনিক গতিতে উড়ন্ত একটি রকেট থেকে প্যারাসুট খোলার বিরল দৃশ্য ধারণ করেছেন এক রকেট প্রযুক্তিপ্রেমী। বিশেষভাবে তৈরি ক্যামেরা পডের মাধ্যমে ধারণ করা হয়েছে এই দৃশ্য, যা অপেশাদার রকেট গবেষণায় নতুন সম্ভাবনার দিক তুলে ধরেছে।

জো বার্নার্ড নামের একজন স্বশিক্ষিত রকেট নির্মাতা ও ইউটিউবার এই পরীক্ষাটি পরিচালনা করেন। গত ৫ নভেম্বর তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রকেটটি প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর এর ওপরের অংশ থেকে একটি ছোট ক্যামেরা পড বের হয়ে আসে। এরপর ক্যামেরায় প্যারাসুট খোলার দৃশ্য ধীরগতিতে ধারণ করা হয়।

এই বিশেষ দৃশ্য ধারণের জন্য বার্নার্ড রকেটটির নকশা ও নিয়ন্ত্রণব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনেন। রকেটের গতি, বায়ুচাপ ও উচ্চতা পর্যবেক্ষণের জন্য তিনি ‘ফ্লাকটাস’ (Fluctus) নামের একটি কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করেন। এটি নির্দিষ্ট সময় অনুযায়ী ক্যামেরা পড বের করা এবং প্যারাসুট খোলার প্রক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।

ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয় গোপ্রো হিরো ১২। বিশেষভাবে তৈরি থ্রিডি-প্রিন্টেড কাঠামোর মধ্যে ক্যামেরাটি স্থাপন করা হয়। পাশাপাশি প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেমে ভিডিও ধারণের ব্যবস্থা রাখা হয়, যাতে দ্রুতগতির ঘটনাগুলো ধীরগতিতে দেখা সম্ভব হয়।

রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ক্যামেরা পডের অবস্থান স্থির রাখাও ছিল বড় চ্যালেঞ্জ। এ জন্য এতে একটি ছোট ব্যাটারি, ঘূর্ণায়মান মোটরচালিত চাকা এবং জাইরোস্কোপ ব্যবহার করা হয়। জাইরোস্কোপ পডটির অনাকাঙ্ক্ষিত ঘূর্ণন কমিয়ে ক্যামেরাকে রকেটের দিকে তাক করে রাখতে সহায়তা করে।

তবে পরীক্ষার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। ফ্লাকটাস ব্যবস্থা বায়ুচাপের ওঠানামাকে ভুলভাবে জরুরি পরিস্থিতির সংকেত হিসেবে শনাক্ত করে। ফলে রকেটটি ঘণ্টায় ৭০০ মাইলের বেশি গতিতে চলার সময়ই ক্যামেরা পড ও প্যারাসুট চালুর সংকেত দেওয়া হয়। প্রচণ্ড বায়ুচাপে প্যারাসুট ছিঁড়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকারী দল উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৩৫০ মিটার দূরে রকেটের ওপরের অংশ ও ক্যামেরা পড খুঁজে পায়। পডটি অক্ষত ছিল এবং সফলভাবে আকাশের দৃশ্য ধারণ করতে পেরেছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে অবতরণের দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি।

Follow for more