৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

দেশের তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাসের পাশাপাশি কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি লাগবে না। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।

আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Follow for more dbnnewstoday.com