চাঁদে বসবাস ও কাজের জন্য নতুন মহাকাশচারী খুঁজছে নাসা

চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেন? এবার সেই স্বপ্ন বাস্তব করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভবিষ্যতে চাঁদে বসবাস ও কাজসহ বিভিন্ন মহাকাশ অভিযানের জন্য নতুন মহাকাশচারী নিয়োগে আবেদন গ্রহণ শুরু করেছে সংস্থাটি।

নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাচিত মহাকাশচারীরা শুধু মহাকাশযান পরীক্ষা করবেন না, ভবিষ্যতে চাঁদে নির্মিতব্য ঘাঁটিতে বসবাস ও কাজের দায়িত্বও পালন করতে পারেন। এসব অভিযানের জন্য প্রযুক্তিগত দক্ষতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দলগত কাজ এবং সাহস প্রয়োজন হবে বলে জানিয়েছে নাসা।

বর্তমানে নাসার মহাকাশচারী দলে সক্রিয় সদস্য রয়েছেন ৩২ জন। ১৯৬০-এর দশকে নাসার মহাকাশ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৭০ জনকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।

তবে মহাকাশচারী হওয়ার প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। নাসার সর্বশেষ মহাকাশচারী নির্বাচনী প্রক্রিয়ায় আট হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১০ জনকে বেছে নেওয়া হয়েছিল।

আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং প্রকৌশল, গণিতসহ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (STEM) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নতুন পরিবর্তনে নার্সিং ডিগ্রিকেও STEM-এর সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ডিগ্রি সম্পন্নের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

নির্বাচিত প্রার্থীদের প্রায় দুই বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণের মতো জটিল ও গুরুত্বপূর্ণ অভিযানের জন্য প্রস্তুত করা হবে।

২০২৮ সালে আবার মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে নাসা। সংস্থাটি মহাকাশযান ও অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নে স্পেসএক্স ও ব্লু অরিজিনের মতো বেসরকারি প্রতিষ্ঠানের ওপরও নির্ভর করছে। আর্টেমিস–৩ মিশনের অগ্রগতি নিয়ে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আইজ্যাকম্যান জানান, ২০২৭ সালে মিশনটি উৎক্ষেপণ হবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।

Follow for more http://dbnnewstoday.com