ডিজিটাল যুগে মানুষের যোগাযোগের ধরন দ্রুত বদলাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় বাড়ার সঙ্গে মুখোমুখি কথোপকথন ও একাকিত্বের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে গবেষণা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে সরাসরি সম্পর্ক বা কথোপকথনের ‘শত্রু’ হিসেবে দেখার সুযোগ নেই।
সাম্প্রতিক এক গবেষণায় ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪ বছরে পরিচালিত ২২টি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে ১০ থেকে ৯৪ বছর বয়সী দুই হাজারের বেশি মানুষের কথোপকথনের তথ্য অন্তর্ভুক্ত ছিল। গবেষকরা দেখেছেন, এই সময়ে প্রতিদিন উচ্চারিত শব্দের সংখ্যা বছরে গড়ে প্রায় ৩৩৮টি করে কমেছে। ২৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই হ্রাস ছিল আরও বেশি—বছরে প্রায় ৪৫৮টি শব্দ।
গবেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং মানুষের একত্র হওয়া ও যোগাযোগের সামাজিক কাঠামোর পরিবর্তন এ প্রবণতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে অনলাইনে সময় কাটানো সব ক্ষেত্রেই বাস্তব জীবনের যোগাযোগ কমিয়ে দেয় না।
গবেষণায় দেখা গেছে, শুধু ভিডিও বা পোস্ট স্ক্রল করে সময় কাটানো মানুষের একা থাকার সময় বাড়াতে পারে। অন্যদিকে বন্ধুদের সঙ্গে সরাসরি বার্তা আদান-প্রদান বা দলীয় যোগাযোগ বাস্তব জীবনের সম্পর্ককেও শক্তিশালী করতে পারে।
আরেকটি দীর্ঘমেয়াদি গবেষণায় নরওয়ের শিশু-কিশোরদের মধ্যে দেখা যায়, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, মন্তব্য করা ও প্রতিক্রিয়া জানানোর মতো সক্রিয় যোগাযোগে বেশি যুক্ত ছিল, তারা পরবর্তীতে বন্ধুদের সঙ্গে অফলাইনেও বেশি সময় কাটিয়েছে।
তবে সামাজিক উদ্বেগ থাকা শিশু-কিশোরদের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন হতে পারে। তাদের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সামাজিক দক্ষতার বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যোগাযোগ অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে, বিশেষ করে যখন তা বাস্তব জীবনের বন্ধুত্ব ও সামাজিক সংযোগকে শক্তিশালী করে। তবে মুখোমুখি সম্পর্কের বিকল্প হিসেবে নয়, বরং তার পরিপূরক হিসেবে প্রযুক্তি ব্যবহার করাই হতে পারে সুস্থ সামাজিক সংযোগ বজায় রাখার গুরুত্বপূর্ণ উপায়।
Follow for more http://dbnnewstoday.com