মানুষ স্বভাবতই অলস কিংবা পরিশ্রমবিমুখ—মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানে দীর্ঘদিন ধরে প্রচলিত এই ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করেছে সাম্প্রতিক একটি গবেষণা। গবেষকদের মতে, মানুষ আসলে পরিশ্রম এড়িয়ে চলে না; বরং যে প্রচেষ্টার মাধ্যমে কোনো অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় না, সেই বৃথা চেষ্টাই এড়িয়ে যেতে চায়।
২০২৬ সালে Neuroscience & Biobehavioral Reviews সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি মানুষের প্রচেষ্টা, অনুপ্রেরণা ও আচরণ নিয়ে প্রচলিত ধারণাগুলো পর্যালোচনা করেছে। গবেষণায় রয় বাউমিস্টার, গুইডো জেন্ডোলা ও মিশেল অডিফ্রেনসহ কয়েকজন গবেষক যুক্ত ছিলেন।
গবেষণায় শিশুদের আচরণ বিশ্লেষণ করে দেখা যায়, ছোট বয়স থেকেই মানুষ স্বাভাবিকভাবে কঠিন কাজ এড়িয়ে চলে না। উদাহরণ হিসেবে, ১০ মাস বয়সী শিশুরা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কঠিন কাজের জন্য চেষ্টা করতে দেখলে নিজেরাও সমস্যা সমাধানে বেশি চেষ্টা করে। অন্যদিকে, প্রায় ছয় বছর বয়সী শিশুরা সহজ কাজের তুলনায় কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করার পর বেশি হাসে। গবেষকদের মতে, এটি প্রমাণ করে যে প্রচেষ্টা সফলতার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এ ছাড়া প্রাণী ও প্রাপ্তবয়স্কদের আচরণ নিয়ে বিভিন্ন গবেষণা পর্যালোচনা করে দেখা যায়, দুটি কাজের ফলাফল সমান হলে মানুষ সাধারণত কম পরিশ্রমের পথ বেছে নেয়। কিন্তু বেশি পরিশ্রমের বিনিময়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলে সেই প্রবণতা পরিবর্তিত হয়।
এই ব্যাখ্যা থেকে বোঝা যায়, কেন মানুষ স্বেচ্ছায় কঠিন খেলাধুলা, সংগীতচর্চা কিংবা দীর্ঘমেয়াদি পড়াশোনায় যুক্ত হয়। এসব ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে পাওয়া অর্জন, আনন্দ ও সন্তুষ্টি মানুষকে অনুপ্রাণিত করে।
গবেষণায় ডোপামিনের ভূমিকাও তুলে ধরা হয়েছে। মস্তিষ্কের ডোপামিন ব্যবস্থার কার্যক্রম কমে গেলে পুরস্কার পাওয়ার অনুভূতি ও কাজের প্রতি আগ্রহ দুর্বল হতে পারে। ফলে প্রচেষ্টা আরও কঠিন মনে হয়।
গবেষকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে শুধু কাজ সহজ করার দিকে মনোযোগ না দিয়ে কাজের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও উপকারিতা স্পষ্ট করা জরুরি। কারণ মানুষ কেবল কম পরিশ্রম করতে চায় না, বরং তার প্রচেষ্টার যথাযথ ফলও দেখতে চায়।