বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য, হারিয়ে যাওয়া স্মৃতি এবং পরিবেশগত সংকট এবার উঠে এসেছে শিল্পীর ক্যানভাসে। শিল্পী রশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘রিভার স্ক্রিপ্ট’-এ স্থান পেয়েছে দেশের ১৬টি নদীকে কেন্দ্র করে তৈরি প্রায় ৬০টি শিল্পকর্ম।
রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে আয়োজিত ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পলেখক ও কিউরেটর জাভেদ জলিল। গত ৭ নভেম্বর প্রদর্শনীটি শুরু হয়।
প্রদর্শনীতে চিত্রা, ব্রহ্মপুত্র, মেঘনা, রূপসা, তিস্তা, ভৈরব, পায়রা, ধলেশ্বরী, তুরাগ, যমুনা, কপোতাক্ষ, মধুমতী, ধরলা, বুড়িগঙ্গা, হালদা ও পাঙ্গুচি নদীর বিভিন্ন রূপ তুলে ধরেছেন শিল্পী। অ্যাক্রিলিক, চারকোল, পেন্সিল, মিশ্র মাধ্যম এবং কাগজে জলরঙের মতো বিভিন্ন মাধ্যমে তৈরি হয়েছে এসব চিত্রকর্ম।
তবে প্রদর্শনীটি শুধু নদীর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। পুরোনো স্টিমার, লঞ্চ, নৌকা ও বাউল সংস্কৃতির মাধ্যমে নদীকেন্দ্রিক অতীত জীবনের স্মৃতিও ফুটে উঠেছে শিল্পকর্মগুলোতে। পাশাপাশি নদী দখল, দূষণ, প্লাস্টিক বর্জ্য, দুর্গন্ধ ও বিষাক্ত পানির মতো সমস্যাও তুলে ধরেছেন শিল্পী। বিশেষ করে বুড়িগঙ্গার ক্রমাবনতিশীল অবস্থা প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
‘Turmoil: The Present River’ এবং ‘Dark Circles of Entrapment’ শিরোনামের চিত্রকর্মগুলোতে নদীর বর্তমান সংকটের প্রতিফলন দেখা যায়। শিল্পী রশিদ খানের মতে, নদী শুধু দেখার বা আঁকার বিষয় নয়; এটি সময়, মানুষ, প্রকৃতি ও জীবনের পরিবর্তন বোঝার একটি দৃষ্টিভঙ্গি।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘নদী সুর’ শীর্ষক বিশেষ আয়োজনে সংগীত ও আলোচনার মাধ্যমে নদীর সঙ্গে শিল্পের সম্পর্ক তুলে ধরা হয়। এতে সংগীতশিল্পী টপু, বাউলশিল্পী শাহজাহান মুন্সি এবং আলোকচিত্রী কাকলি প্রধান অংশ নেন।
এ ছাড়া প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘Nodilipi – The River Scripts: What the River Speaks’ শীর্ষক একটি শিল্পবিষয়ক প্রকাশনা। এতে রশিদ খানের চিত্রকর্ম, সাহিত্যধর্মী লেখা এবং জাভেদ জলিলের শিল্পবিশ্লেষণ স্থান পেয়েছে।
প্রদর্শনীটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হচ্ছে ‘নদী আলাপ’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। শিল্পের মাধ্যমে বাংলাদেশের নদীর অতীত, বর্তমান ও পরিবেশগত সংকট নিয়ে দর্শকদের ভাবতে উৎসাহিত করছে এই আয়োজন।