নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। শুরুতে আগ্রহ থাকলেও কয়েক মাসের মধ্যে অনেকেই ব্যায়াম বন্ধ করে দেন। তবে স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকারের মতো পরিধানযোগ্য প্রযুক্তি এই অভ্যাস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়।
গবেষণায় দেখা গেছে, ফিটনেস ট্র্যাকার ব্যবহারকারীরা ডিভাইস ব্যবহার করেন না এমন ব্যক্তিদের তুলনায় ছয় মাস পরও শারীরিকভাবে সক্রিয় থাকার ক্ষেত্রে সাত গুণ বেশি সম্ভাবনা দেখিয়েছেন। একই গবেষণায় স্মার্টওয়াচ ব্যবহারকারীদের নিয়মিত শরীরচর্চা শুরু করার সম্ভাবনা ছিল ১০ গুণ বেশি।
যুক্তরাজ্য ও কানাডার ৪০ থেকে ৭৫ বছর বয়সী ১২৫ জন প্রাপ্তবয়স্ক এই গবেষণায় অংশ নেন। তাঁদের সম্প্রতি টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছিল। ছয় মাসের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যায়াম বিশেষজ্ঞের সহায়তায় ব্যক্তিগত শারীরিক কার্যক্রমের পরিকল্পনা তৈরি করেন। তাঁদের একাংশকে স্মার্টওয়াচ ও দূরবর্তী কোচিং সুবিধা দেওয়া হয়।
গবেষণার ফলাফল অনুযায়ী, স্মার্টওয়াচ ব্যবহারকারীদের এক বছর পরও সক্রিয় থাকার সম্ভাবনা ছিল তিন গুণ বেশি। কর্মসূচি শেষে এই দলের অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী সুপারিশকৃত শারীরিক কার্যক্রমের মাত্রা পূরণ করেন। অন্যদিকে নিয়ন্ত্রণ দলের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ১৭ শতাংশ।
ফিটনেস ট্র্যাকার কার্যকরভাবে ব্যবহারের জন্য রয়েছে ছয়টি পরামর্শ।
১. বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ: বড় লক্ষ্যের পরিবর্তে ছোট ও নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন।
২. নির্দিষ্ট সময় ঠিক করুন: প্রতিদিনের কার্যক্রমের জন্য সময়সূচি তৈরি করুন।
৩. অগ্রগতি পর্যবেক্ষণ করুন: পদক্ষেপ, সময় ও শারীরিক কার্যক্রমের তথ্য নিয়মিত দেখুন।
৪. ছোট অর্জন উদ্যাপন করুন: প্রতিটি অগ্রগতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করুন।
৫. অন্যদের সঙ্গে অগ্রগতি ভাগ করুন: বন্ধু বা কোচের সঙ্গে নিজের লক্ষ্য ও অগ্রগতি শেয়ার করুন।
৬. ট্র্যাকারকে সহায়ক হিসেবে ব্যবহার করুন: মনে রাখবেন, ডিভাইস নিজে থেকে অভ্যাস পরিবর্তন করতে পারে না; নিয়মিত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনাই গুরুত্বপূর্ণ।
গবেষণাটি দেখায়, ব্যক্তিগত নির্দেশনা, নিয়মিত প্রতিক্রিয়া এবং প্রযুক্তির সমন্বয় শারীরিকভাবে সক্রিয় থাকার অভ্যাস ধরে রাখতে সহায়ক হতে পারে।