ইউরোপের চার দেশে বিনা খরচে মাস্টার্স, বাংলাদেশিরাও পাবেন মাসিক ভাতা
ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস মুন্ডাস গ্লোবাল মাইন্ডস বৃত্তির ২০২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বাংলাদেশিসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্যবিমা, যাতায়াত ও ভিসা-সংক্রান্ত খরচ দেওয়া হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মিলবে মাসিক ভাতা। এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
যে বিষয়ে পড়ার সুযোগ
‘সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’ শীর্ষক এ প্রোগ্রামটি ‘গ্লোবাল মাইন্ডস’ নামে পরিচিত। ইংরেজি মাধ্যমে পরিচালিত দুই বছর মেয়াদি এ কোর্সে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। অভিবাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত।
অংশগ্রহণকারী চার বিশ্ববিদ্যালয়
প্রোগ্রামে অংশ নিচ্ছে চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো—
১. ইউনিভার্সিটি অব লিমেরিক, আয়ারল্যান্ড।
২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল।
৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড।
৪. ইউনিভার্সিটি অব অসলো, নরওয়ে।
পাঠ্যক্রম ও পড়াশোনার কাঠামো
প্রথম বছরের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীরা পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনা করবেন। দ্বিতীয় সেমিস্টারে নরওয়ে অথবা আয়ারল্যান্ডে পড়ার সুযোগ থাকবে।
দ্বিতীয় বছরে ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক অভিসন্দর্ভ (থিসিস) সম্পন্ন করতে হবে। সাধারণত তৃতীয় সেমিস্টারে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে অথবা সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
এ বৃত্তির জন্য বিশ্বের সব দেশের নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে। স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
যারা এখনো স্নাতক সম্পন্ন করেননি, তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় জমা দিতে হবে—
১. অনলাইন আবেদন ফরম।
২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ।
৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।
৫. অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬. পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ।
৭. ইউরোপাস ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
আবেদনপ্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই শেষে ই-মেইলের মাধ্যমে ফল জানানো হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হবে।
আবেদনের ওয়েবসাইট: https://surl.li/tkzyve
আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি ২০২৭।
Follow for more http://dbnnewstoday.com