বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে, চালু হচ্ছে ডিজিটাল পোর্টাল

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)।

নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া আরও কার্যকর করা এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমানো।

নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা দূতাবাস বা সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে।

অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়াও আরও দ্রুততর করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা তাঁদের আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের জন্য নির্দেশনা

নতুন ব্যবস্থা চালুর সঙ্গে সঙ্গে আগের অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষমাণ তালিকার আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যাঁরা ইতোমধ্যে পুরোনো ব্যবস্থায় নিবন্ধন করে অপেক্ষা করছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

দূতাবাসের পরিকল্পনা অনুযায়ী, নতুন ডিজিটাল ব্যবস্থা আবেদন যাচাইয়ের সময় কমাতে এবং সামগ্রিক প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সহায়তা করবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

যেভাবে আবেদন করবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/

আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুসংগঠিত ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

Follow for more http://dbnnewstoday.com