শিশুযত্ন কেন্দ্রের অভাবে কর্মক্ষেত্রের বাইরে শহরের ৪০ শতাংশ নারী: বিশ্বব্যাংক

শিশুযত্ন কেন্দ্রের অভাবে কর্মক্ষেত্রের বাইরে শহরের ৪০ শতাংশ নারী: বিশ্বব্যাংক

সাশ্রয়ী ও সহজলভ্য শিশুযত্ন কেন্দ্রের অভাব বাংলাদেশের নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের এক নতুন গবেষণা অনুযায়ী, শহরের কর্মক্ষেত্রের বাইরে থাকা প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই শিশুযত্ন কেন্দ্রের সুবিধা না থাকাকে কাজে যোগ না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ডকেয়ার কনফারেন্স ২০২৬’-এ বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। ‘চাইল্ডকেয়ার ইন বাংলাদেশ: হোয়াট ফ্যামিলিস নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হোয়্যার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিয়ন জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভিবর্নি।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৯৬ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। এদের প্রায় দুই-তৃতীয়াংশ নারী। নারীদের ওপর অবৈতনিক সেবামূলক কাজের অসম বোঝা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সীমিত করার অন্যতম কারণ।

বিশ্বব্যাংক গ্রামীণ, শহর ও উপশহর এলাকার ৪ হাজার ৭০০টি পরিবারের ওপর জরিপ চালিয়ে শিশুযত্নের চাহিদা, পছন্দ ও সামর্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকায় ৫১৪টি শিশুযত্ন কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৩৫টি প্রতিষ্ঠানের ওপর বিস্তারিত জরিপ পরিচালিত হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, শহরের মাত্র ০.১ শতাংশ নারী আনুষ্ঠানিক ডে-কেয়ার সেন্টার ব্যবহারের কথা জানিয়েছেন। অন্যদিকে, প্রায় ২০ শতাংশ নারী শিশুদের যত্নের জন্য বাড়িতে সেবাদানকারীর ওপর নির্ভর করেন।

উপযুক্ত শিশুযত্নের ব্যবস্থা না থাকায় অনেক নারীকে বেতনভুক্ত কাজ ছেড়ে দিতে হচ্ছে, সন্তানদের কর্মস্থলে নিয়ে যেতে হচ্ছে অথবা শিশুদের দেখাশোনার দায়িত্ব বড় ভাইবোনদের ওপর দিতে হচ্ছে। এতে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি শিশুদের বিকাশ ও পারিবারিক কল্যাণও প্রভাবিত হচ্ছে।

গবেষণায় সরকারি, বেসরকারি ও গৃহভিত্তিক শিশুযত্ন কেন্দ্রগুলোর সেবার মানে উল্লেখযোগ্য পার্থক্যের কথা তুলে ধরা হয়েছে। সরকারি কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত কর্মী, উন্নত অবকাঠামো ও খাবারের ব্যবস্থা থাকার সম্ভাবনা বেশি। তবে এসব কেন্দ্রের প্রায় অর্ধেকেই অপেক্ষমাণ তালিকা রয়েছে। অন্যদিকে, গৃহভিত্তিক অনেক শিশুযত্ন কেন্দ্রে মৌলিক নিরাপত্তা সুবিধা ও প্রশিক্ষিত সেবাদানকারীর ঘাটতি রয়েছে।

অভিভাবকদের শিশুযত্ন কেন্দ্র নির্বাচনে নৈকট্য ও আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও গবেষণায় উঠে এসেছে। উপশহর এলাকার মায়েরা কর্মস্থলের পরিবর্তে বাড়ির কাছাকাছি শিশুযত্ন সেবার জন্য মাসে ১ হাজার থেকে ১ হাজার ৭০০ টাকা ব্যয় করতে আগ্রহী। বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে সেবা পেতে তাঁরা অতিরিক্ত অর্থ দিতেও আগ্রহ প্রকাশ করেছেন।

গবেষণায় শিশুযত্ন ব্যবস্থার মান উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে কমিউনিটিভিত্তিক এবং গৃহভিত্তিক সেবায় সহায়তা, নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহযোগিতা, সেবাদানকারীদের প্রশিক্ষণ এবং নিরাপত্তার মানদণ্ড জোরদারের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া পর্যাপ্ত সহায়তা ছাড়া অতিরিক্ত কঠোর বিধিবিধান আরোপ না করার বিষয়ে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এতে বিদ্যমান অনানুষ্ঠানিক শিশুযত্ন কেন্দ্র বন্ধ হয়ে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সেবার সুযোগ আরও সীমিত হতে পারে।

বাংলাদেশের ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১’-এ কেন্দ্র নিবন্ধনের কাঠামো থাকলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো শুরু হয়নি। নিবন্ধন ও পরিদর্শনের পাশাপাশি সেবাদানকারীদের প্রশিক্ষণ, নিরাপত্তা উপকরণ এবং নিয়মিত কমিউনিটি মতামত গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে গবেষণাটি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুযত্নের অনিশ্চয়তার কারণে অনেক নারী কর্মক্ষেত্রে যোগ দিতে পারছেন না কিংবা চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি।

তিনি আরও জানান, বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনের কিছু জটিলতা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ খাতে বেসরকারি উদ্যোক্তাদেরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

দুই দিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট, ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ। এতে নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, গবেষক, নিয়োগদাতা ও শিশুযত্ন সেবাদানকারীরা অংশ নিচ্ছেন।

Follow for more http://dbnnewstoday.com