বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা, ঝুঁকিতে আইফোন ও ক্রিপ্টো লেনদেন

বিশ্বের বেশ কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের তথ্য ও ক্রিপ্টোকারেন্সি চুরির চেষ্টা চালানো হয়েছে। আক্রান্ত ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে জুম, এইচএসবিসি, ইকুইফ্যাক্স, সিএনএন, সেলসফোর্স ও আইকেইএ।

সোমবার এক নিরাপত্তা গবেষকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গবেষক স্কট হেলমের তথ্য অনুযায়ী, ওয়েবসাইট অপটিমাইজেশন প্ল্যাটফর্ম অপটিমাইজেলির মাধ্যমে বিভিন্ন খাতের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের দর্শকদের লক্ষ্য করে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ছড়িয়ে দেওয়া হয়েছিল।

এই কোডের মাধ্যমে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ঠিকানা পরিবর্তন করে আক্রমণকারীর ডিজিটাল ওয়ালেট যুক্ত করার চেষ্টা করা হয়। পাশাপাশি অনলাইনে কার্ডের তথ্য প্রবেশের সময় কার্ড নম্বর সংগ্রহ, ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট চুরি এবং আইফোনে ক্ষতিকর কোড প্রবেশ করানোর প্রচেষ্টার তথ্য পাওয়া গেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরকও জানিয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো থেকে ব্যবহারকারীদের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ তারা পেয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে এসব কোড সফলভাবে ব্যবহার করা হয়েছে কি না কিংবা কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সেলসফোর্স জানিয়েছে, অপটিমাইজেলির স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি তারা তদন্ত করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট স্ক্রিপ্টগুলো বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, ইকুইফ্যাক্সও বিষয়টি তদন্ত করে অপটিমাইজেলি ব্যবহার বন্ধ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে কোনো অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন ও আইকেইএ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। একইভাবে প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হামলার সফলতা বা ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি তৃতীয় পক্ষের ওয়েবসাইট অপটিমাইজেশন সেবার নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার গুরুত্ব নতুন করে সামনে এনেছে।