ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট অঞ্চলে পৌঁছেছে। এর মাধ্যমে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় একযোগে তিনটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ সক্রিয় হয়েছে।রুজভেল্ট যোগ দিয়েছে আগে থেকে মোতায়েন থাকা ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীর পাশে। এই তিন রণতরীর সঙ্গে যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, ক্রুজার ও হাজার হাজার নাবিক-মেরিন মোতায়েন রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ইরানের বন্দরের ওপর নৌ-অবরোধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এই রণতরীগুলো এখন ২০-র বেশি মার্কিন নৌযানের সঙ্গে কাজ করছে।
তবে পেন্টাগন ও সেন্টকম এখনো রুজভেল্টের মোতায়েনের সময়সূচি বা তিনটি রণতরী কত দিন থাকবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন অভিযানের প্রস্তুতি নাকি বিদ্যমান রণতরীর স্থানান্তর—তা নিশ্চিত নয়।
রণতরী মোতায়েনের খবর এসেছে এমন সময়ে, যখন বাহরিনে টানা ড্রোন হামলা এবং হরমুজ প্রণালির কাছে জ্বালানি ট্যাংকারে সম্ভাব্য মাইন আঘাতের ঘটনা উত্তেজনা বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, প্রণালির পূর্বে একটি ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুনের কবে পড়েছে।একই সঙ্গে ওয়াশিংটন কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সামরিক শক্তি বৃদ্ধি ইরানের ওপর চাপ বাড়ানোর একটি স্পষ্ট সংকেত হিসেবে দেখা হচ্ছে।
তিনটি রণতরী একযোগে মোতায়েন মানে অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান শক্তি, নজরদারি সক্ষমতা ও দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ছে। এটি ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বাড়াতে পারে। তবে এতে হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক নিরাপত্তার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহন ও আঞ্চলিক বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে।