জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ নিয়ে মতবিরোধের কারণে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়নি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
সম্মেলনের নতুন খসড়া চুক্তিতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার বিষয়ে আগের উল্লেখগুলো বাদ দেওয়া হয়েছে। এর আগে প্রকাশিত খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানোর প্রস্তাব ছিল। তবে তেল ও গ্যাস উৎপাদনকারী কয়েকটি দেশের আপত্তির পর বিষয়টি নতুন খসড়া থেকে বাদ পড়ে।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তার জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাবও নতুন খসড়ায় রাখা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশ।
ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ নতুন খসড়ার সমালোচনা করেছে। পানামা জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি না থাকলে তারা চুক্তির বিরোধিতা করতে পারে।
এদিকে সম্মেলনের আলোচনায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে। তবে সেই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসতে হবে কি না, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে।
বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যকর অর্থায়ন নিশ্চিত করা এখন সম্মেলনের অন্যতম বড় চ্যালেঞ্জ। শনিবার নতুন খসড়া প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।