ঐতিহ্যের হাট ২০২৬ দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতিকে একই ক্যাম্পাসে তুলে ধরেছে। ২১ নভেম্বর সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজনটির পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) Department of Innovation & Entrepreneurship এবং BRAC Bank PLC যৌথভাবে মেলার আয়োজন করে। MoveOn, Social Business Students’ Forum (SBSF) এবং Daffodil Entrepreneurs Club সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিল। এবারের ঐতিহ্যের হাট ২০২৬-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের আঞ্চলিক ঐতিহ্য ও স্থানীয় পণ্যের বৈচিত্র্য বিশেষভাবে ফুটে ওঠে।
৬৪ জেলার ঐতিহ্য এক মঞ্চে
এবারের আয়োজনে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার প্রতিনিধিত্ব করে ৬৪টি স্টল সাজান। এসব স্টলে তাঁতবস্ত্র, নকশিকাঁথা, শীতলপাটি, মৃৎশিল্প, পাটজাত পণ্য, বাঁশ-বেতের সামগ্রী, লোকজ হস্তশিল্প এবং বিভিন্ন অঞ্চলের পরিচিত খাবার ও মিষ্টি প্রদর্শন করা হয়। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজ জেলার পণ্যের আঞ্চলিক পরিচয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরেন। ফলে দর্শনার্থীরা একই জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলের জীবনধারা ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে স্টল ও পণ্য প্রদর্শনী এবং বিক্রয় কার্যক্রম। পাশাপাশি ছিল স্টল মূল্যায়ন, জেলাভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ। লোকগান ও আঞ্চলিক পরিবেশনায় মেলা প্রাঙ্গণে ফুটে ওঠে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। অনুষ্ঠানে DIU-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ ব্র্যাক ব্যাংকের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের পাশাপাশি ২৫টি দেশের প্রায় ৭০ জন বিদেশি অতিথিও অংশ নেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল আয়োজন
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৩৮টি জেলা নিয়ে শুরু হয় ঐতিহ্যের হাট। ২০২৫ সালের চতুর্থ আসরে অংশ নেয় ৬২ জেলা। ওই আয়োজনে প্রায় ৩০ হাজার দর্শনার্থীর সমাগম এবং প্রায় ৪০ লাখ টাকার পণ্য বিক্রির তথ্য জানানো হয়। পঞ্চম আসরে যুক্ত হয়েছে দেশের সব ৬৪ জেলা।
আয়োজনটির লক্ষ্য শুধু ঐতিহ্য প্রদর্শন নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা দেওয়া। পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, বিপণন, বিক্রয় ও ক্রেতার চাহিদা বোঝার মাধ্যমে তারা ব্যবসা পরিচালনার বাস্তব ধারণা পান। একই সঙ্গে স্থানীয় কারুশিল্প ও পণ্যের বাজার সম্ভাবনা তুলে ধরে সেগুলোকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। এ বিষয়ে আরও জানতে ঐতিহ্যের হাটের অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যেতে পারে।
এ উদ্যোগ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দেশের শিকড়ের সংযোগ জোরদার করে এবং স্থানীয় পণ্যকে বৃহত্তর বাজারে পরিচিত করার সম্ভাবনা তুলে ধরে।