খেলাপিদের প্রণোদনা ঋণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আদালতের স্থগিতাদেশ থাকলে খেলাপি ঋণগ্রহীতারাও এখন থেকে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ নিতে পারবেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি নতুন সার্কুলার জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণগ্রহীতার বিরুদ্ধে ঋণখেলাপি সংক্রান্ত মামলা বা রিট আবেদনের কার্যক্রম আদালত স্থগিত করলে তিনি প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন। এর আগে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, খেলাপি ঋণগ্রহীতাদের নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

তবে নতুন নির্দেশনাটি কেবল আদালতের স্থগিতাদেশ পাওয়া নির্দিষ্ট মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে গত ২৯ জুলাই জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে অনেক ব্যাংক বন্ধ হয়ে যাওয়া কারখানায় নতুন ঋণ দিতে পারছিল না। নতুন সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানের ঋণপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতে অর্থের প্রবাহ বাড়ানো এবং প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত বিতরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত নিয়ে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক খাতের বিশ্লেষকদের মধ্যে সমালোচনা রয়েছে। তাঁদের মতে, খেলাপি ঋণগ্রহীতাদের নতুন করে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা যথাযথ সিদ্ধান্ত নয়।

উল্লেখ্য, বেসরকারি খাতের সংকট মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে গত মে মাসে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ প্যাকেজ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় এক-পঞ্চমাংশ।

প্যাকেজটিতে মোট ১৫টি বিশেষ স্কিম রয়েছে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের পুনঃঅর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, রপ্তানি বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য স্বল্প সুদের ঋণ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার একটি তহবিলও রাখা হয়েছে।