বাংলাদেশের দুর্বল রাজস্ব আহরণ এবং সরকারের নিয়মিত ব্যয় বৃদ্ধির কারণে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ সংকুচিত হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, সীমিত রাজস্ব আয়, ক্রমবর্ধমান সুদ পরিশোধ এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপ সরকারের উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ Bangladesh Public Finance Review 2026 প্রতিবেদনে দেশের সরকারি অর্থব্যবস্থার এই চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (FY2025) বাংলাদেশের কর রাজস্ব ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬.৮ শতাংশ। একই সময়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ, যা তুলনীয় দেশগুলোর গড়ের অর্ধেকেরও কম।
রাজস্ব আহরণে সীমাবদ্ধতার প্রভাব পড়েছে সরকারি উন্নয়ন বিনিয়োগেও। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে (FY2022) জিডিপির ৪.৯ শতাংশ থাকা সরকারি মূলধনী ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে কমে ২.৮ শতাংশে নেমে এসেছে।
প্রতিবেদনে কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, দেশের তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে, দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের অপর্যাপ্ত সরকারি বিনিয়োগকে কর্মসংস্থান সৃষ্টির ধীরগতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এর ফলে বেসরকারি খাতের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রাজস্ব প্রশাসন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং জ্বালানির মূল্য নির্ধারণে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, এসব সংস্কার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছরের মধ্যে সরকারের রাজস্ব আয় জিডিপির ১৪.৪ শতাংশে উন্নীত হতে পারে। একই সঙ্গে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছরে গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছাতে পারে। সংস্কারবিহীন প্রাথমিক পরিস্থিতিতে এই প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.২ শতাংশ।
বিশ্বব্যাংক আরও সুপারিশ করেছে, রাজস্ব ও ব্যয় সংস্কারের চাপ যেন নিম্ন আয়ের মানুষের ওপর না পড়ে। এ জন্য ব্যাপকভিত্তিক ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।