তথ্য ফাঁস, হ্যাকিং এবং সাইবার হামলার ঘটনা ক্রমাগত বাড়লেও সাধারণ মানুষের পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। পাসওয়ার্ড ও পাসকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্ডপাসের সর্বশেষ বৈশ্বিক বিশ্লেষণে উঠে এসেছে, গত আট বছরের মধ্যে সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের শীর্ষে রয়েছে ‘১২৩৪৫৬’ (123456)।
নর্ড সিকিউরিটির অঙ্গপ্রতিষ্ঠান নর্ডপাস বিশ্বের ৪৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, শুধু ‘১২৩৪৫৬’ পাসওয়ার্ডটিই ব্যবহৃত হয়েছে ৭২ লাখের বেশি বার। বৈশ্বিক শীর্ষ দশের তালিকায় থাকা অন্য পাসওয়ার্ডগুলো হলো অ্যাডমিন, ১২৩৪৫৬৭৮, ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪, ১২৩৪৫, পাসওয়ার্ড, এএ১২৩৪৫৬, পাস@১২৩ এবং ১২৩৪৫৬৭৮৯০। যুক্তরাষ্ট্রেও সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটি পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬, পাসওয়ার্ড এবং অ্যাডমিন।
দুর্বল ও অনুমানযোগ্য পাসওয়ার্ডের কারণে বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার বিপর্যয়ের নজিরও বাড়ছে। গত বছর দুই গবেষক কেবল ‘১২৩৪৫৬’ পাসওয়ার্ড অনুমান করে ম্যাকডোনাল্ডসের নিয়োগ সংক্রান্ত চ্যাটবটে প্রবেশ করেন এবং আবেদনকারীদের নাম, ইমেইল ও ফোন নম্বরসহ ৬ কোটি ৪০ লাখ তথ্যের নাগাল পান। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্যের পরিবহন সংস্থা কেএনপি লজিস্টিকস গ্রুপের এক কর্মীর দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকাররা ৬৬ লাখ ডলার মুক্তিপণ দাবি করে, যার ফলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে ৭০০ কর্মী চাকরি হারান। এ ছাড়া চলতি বছর ডিফল্ট পাসওয়ার্ডের দুর্বলতায় যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থাতেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেটের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডাম বেঞ্জামিন জানান, মূল ঝুঁকি এখন কেবল মানুষের অনুমানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং চুরি হওয়া তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয় অ্যালগরিদম ও বট মুহূর্তেই পাসওয়ার্ড ভেঙে ফেলছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিবোর্ডে টাইপ করার শব্দ শুনেও পাসওয়ার্ড শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি জনপ্রিয় খেলোয়াড়, ভিডিও গেম বা বিনোদন জগতের নাম ব্যবহার করে তৈরি পাসওয়ার্ডও হ্যাকারদের স্বয়ংক্রিয় টুলের কাছে অত্যন্ত অনিরাপদ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিটি অ্যাকাউন্টের জন্য বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে অন্তত ১৫ অক্ষরের স্বতন্ত্র পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা জরুরি, যা লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তার স্তর নিশ্চিত করে। একাধিক জটিল পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা এড়াতে নর্ডপাস বা বিটওয়ার্ডেনের মতো নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার এবং আঙুলের ছাপ বা মুখমণ্ডল শনাক্তকরণ ভিত্তিক পাসকি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।