বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ২০১৪-১৫ অর্থবছর থেকে ০.৭ থেকে ১.৩০ শতাংশ পয়েন্ট পর্যন্ত অতিরঞ্জিত করে দেখানো হয়েছিল বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের গঠিত একটি প্যানেলের ফরেনসিক অডিট। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক স্বার্থ ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরার উদ্দেশ্যে জাতীয় হিসাবের কিছু তথ্য অতিরঞ্জিত করা হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে আয়োজিত ‘জিডিপি প্রাক্কলনসংক্রান্ত ফরেনসিক অডিট প্রতিবেদনের পিয়ার রিভিউ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছর থেকে জাতীয় হিসাবের বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অসংগতি দেখা গেছে। যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্যের অভাব ছিল এবং প্রশাসনিক বা গৌণ তথ্যের ওপর নির্ভর করে জিডিপি হিসাব করা হয়েছে, সেসব খাতে অসংগতি বেশি পাওয়া গেছে।
অনুষ্ঠানে অডিট কমিটির সদস্য এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক প্রতিবেদনটির ফলাফল উপস্থাপন করেন।
অডিটে জিডিপি অতিরিক্ত প্রাক্কলনের সাতটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উৎপাদনশিল্প ও করসংক্রান্ত তথ্য উল্লেখযোগ্য। গবেষকেরা শিল্পের ২২টি উপখাত পর্যালোচনা করে দেখতে পান, অসংগতির বড় অংশই বিবিএসের সরাসরি জরিপ থেকে সংগৃহীত তথ্যের পরিবর্তে প্রশাসনিক ও গৌণ তথ্যের সঙ্গে সম্পর্কিত।
সিমেন্ট উৎপাদনের উদাহরণ দিয়ে তিতুমীর বলেন, উৎপাদনের ঘোষিত পরিমাণের সঙ্গে জিডিপিতে দেখানো সংশ্লিষ্ট মূল্য সংযোজনের হিসাবের সামঞ্জস্য ছিল না। পেট্রোলিয়ামসহ অন্যান্য খাতেও একই ধরনের অসংগতি পাওয়া গেছে। তবে নির্ভরযোগ্য তথ্য থাকায় তৈরি পোশাক খাত এ ধরনের অতিরঞ্জনের বাইরে ছিল বলে তিনি জানান।
প্রতিবেদনে রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও অসামঞ্জস্যের বিষয়টি উঠে এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস এবং বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রপ্তানি তথ্যের মধ্যে পার্থক্য ছিল। পাশাপাশি ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস) চালুর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যেও অসংগতি পাওয়া যায়।
তিতুমীর জানান, রপ্তানির তথ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানকে প্রামাণ্য হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে বৈজ্ঞানিক গবেষণা, অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদদের পর্যালোচনাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে এই অডিটকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।