সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর, শনিবার সারা দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অবদান এবং আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। এতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও তিন বাহিনীর প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া বিকেল ৪টায় সেনাকুঞ্জে আয়োজিত হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সাধারণ মানুষের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নিকটস্থ ঘাটে সর্বসাধারণের পরিদর্শনের জন্য রাখা হবে।

এ ছাড়া সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বিশেষ দুর্বার’।

Follow For More: https://dbnnewstoday.com