ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাণিজ্যিক মাছ চাষের পুকুরের পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। একই এলাকায় পরিচালিত পৃথক এক গবেষণায় মাছের খামারে ভারী ধাতু ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতির তথ্যও সামনে এসেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ত্রিশালের ২৫টি পুকুরের নমুনা এবং ছয় প্রজাতির ১৫০টি মাছ পরীক্ষা করে মাছের মধ্যে মোট ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করেন। গবেষণায় প্রতি মাছের শরীরে গড়ে শূন্য দশমিক ৬০টি কণা পাওয়া গেছে। সরপুঁটি মাছে এর উপস্থিতি সবচেয়ে বেশি—প্রতি মাছে গড়ে ১ দশমিক ২০টি কণা।
‘মাইক্রোপ্লাস্টিকস ইন ফ্রেশওয়াটার অ্যাকুয়াকালচার: এভিডেন্স অব সেডিমেন্ট-ফিশ ট্রান্সফার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইকোলজিক্যাল রিস্ক ইন বাংলাদেশ’ শিরোনামের গবেষণাপত্রটি গত ৮ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল পলিউশন-এ প্রকাশিত হয়।
গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক মো. বদিউজ্জামান খান বলেন, মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্যের জন্য সরাসরি কতটা ক্ষতিকর, সে বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। কারণ গবেষণাটি মাছের পরিপাকতন্ত্র নিয়ে করা হয়েছে, যা মানুষ সাধারণত খায় না।
তবে গবেষকদের মতে, মাইক্রোপ্লাস্টিক ভারী ধাতুসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বহন করতে পারে। একই এলাকায় পরিচালিত আরেক গবেষণায় ক্রোমিয়াম, সীসাসহ ভারী ধাতু এবং অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে। ওই গবেষণার পূর্ণাঙ্গ ফল প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়মিত পর্যবেক্ষণ, আরও গবেষণা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর নজরদারি প্রয়োজন।
Follow for more http://dbnnewstoday.com