শিশুদের কৃতজ্ঞ হতে শেখাতে শুধু ‘ধন্যবাদ’ বলতে মনে করিয়ে দেওয়ার চেয়ে কৃতজ্ঞতার অনুভূতি বুঝতে সাহায্য করা এবং নিজের আচরণে তা প্রকাশ করাই বেশি কার্যকর। মনোবিজ্ঞানভিত্তিক গবেষণা বলছে, বাবা-মায়ের কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস শিশুদের মধ্যেও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞতা চর্চা মানসিক সুস্থতা, সুখ ও জীবনসন্তুষ্টি বাড়াতে সহায়ক। এটি সম্পর্ক উন্নয়ন, ঘুমের মান বৃদ্ধি এবং বিষণ্নতা কমানোর সঙ্গেও সম্পর্কিত। কৃতজ্ঞতাবোধসম্পন্ন কিশোর-কিশোরীদের মধ্যে জীবন নিয়ে সন্তুষ্টি ও নিজেকে উন্নত করার আগ্রহও বেশি দেখা গেছে। শিশুদের মধ্যে কৃতজ্ঞতা গড়ে তুলতে বিশেষজ্ঞরা ছোট ছোট আনন্দের বিষয় নিয়ে কথা বলা, উপহার বা কারও সাহায্য পেলে তাদের অনুভূতি জানতে চাওয়া এবং অন্যের অবদান উপলব্ধি করতে শেখানোর পরামর্শ দেন। শিশুরা ভালো কিছু করলে বাবা-মায়ের নিজেদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করাও তাদের শেখার একটি গুরুত্বপূর্ণ উপায়। এ ক্ষেত্রে অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন নির্দিষ্ট নিয়মে কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য করা বা শিশুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না পেলে বিরক্ত হওয়া উল্টো প্রভাব ফেলতে পারে। বরং শিশুর অনুভূতি বোঝার চেষ্টা করা এবং তার বয়স ও আগ্রহ অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি করা জরুরি। কৃতজ্ঞতা শেখানোর ক্ষেত্রে সবার জন্য একই পদ্ধতি কার্যকর নাও হতে পারে। কেউ কথার মাধ্যমে, কেউ ছবি আঁকার মাধ্যমে, আবার কেউ সৃজনশীল উপায়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই শিশুদের নিজস্ব পছন্দকে গুরুত্ব দিয়ে ধীরে ধীরে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলাই বেশি কার্যকর।
Follow for more: http://dbnnewstoday.com