সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম অয়েল অপরিবর্তিত

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম অয়েল অপরিবর্তিত

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের প্রভাব বিবেচনায় দেশে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা বহাল রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, এলসি খোলা এবং আমদানির পরিস্থিতি তুলে ধরা হয়। এসব বিষয় পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন জানায়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে মূল্য সমন্বয় না হওয়ায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল। আসন্ন রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানানো হয়।

এদিকে, বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Follow for more: http://dbnnewstoday.com