গত তিন বছরে গ্রেডভেদে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন। তাঁর মতে, এই পরিবর্তন শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহদী আমিন জানান, তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১-এর শ্রমিকদের মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে বৃদ্ধির হার ৪৩ শতাংশ। গ্রেড-২-এর মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা, যা ৪০ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি। গ্রেড-৩-এর মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৩৬ শতাংশ।
মাহদী আমিন আরও জানান, মূল বেতনের পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন। ফলে মাস শেষে তাঁদের মোট আয় আরও বাড়তে পারে। নতুন কাঠামো ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়; শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ১৮ হাজার টাকার প্রস্তাব দিয়েছিলেন।
বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্প। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন সক্ষমতা ও শিল্পের স্থিতিশীলতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
Follow For More: http://(https://dbnnewstoday.com/)