মানুষের জন্য খাবারের উৎসব আয়োজন করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বানরদের জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়, এমন একটি উৎসবের কথা জানলে অনেকেই অবাক হবেন। থাইল্যান্ডের লোপবুরি শহরে প্রতিবছর আয়োজন করা হয় ব্যতিক্রমী ‘মাঙ্কি বুফে ফেস্টিভ্যাল’। এই উৎসবে বানরদের জন্য সাজানো হয় নানা ধরনের ফল ও খাবারের বিশাল ভোজ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোপবুরি শহরটি ঐতিহাসিক স্থাপনা এবং বিপুলসংখ্যক বানরের জন্য পরিচিত। শহরের প্রাচীন মন্দির ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে অসংখ্য লম্বা লেজের ম্যাকাক বানর। স্থানীয় পর্যটনের অন্যতম আকর্ষণও এই বানরগুলো।
১৯৮৯ সালে স্থানীয় হোটেল ব্যবসায়ী ইয়ংইউথ কিটওয়াত্তানানুসন এই উৎসবের সূচনা করেন। মূল উদ্দেশ্য ছিল বানরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাদের মাধ্যমে শহরে পর্যটকদের আকৃষ্ট করা। ধীরে ধীরে উৎসবটি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করে।
সাধারণত নভেম্বর মাসের শেষ রবিবারে প্রা প্রাং সাম ইয়ট মন্দিরের কাছে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের দিন বিভিন্ন টেবিলে সাজানো হয় তরমুজ, আনারস, কলা, পেঁপে এবং অন্যান্য খাবার। খাবারের আয়োজন উন্মুক্ত করে দেওয়ার পর বানরগুলো দল বেঁধে সেখানে ছুটে আসে। মুহূর্তের মধ্যেই তারা খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পুরো আয়োজন দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকেরা।
এই উৎসবের পেছনে স্থানীয় সংস্কৃতিরও ভূমিকা রয়েছে। রামায়ণের থাই সংস্করণ রামাকিয়েনে বানররাজ হনুমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয়দের অনেকেই লোপবুরির বানরদের সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখেন।
তবে বানর ও মানুষের সহাবস্থান সব সময় সহজ নয়। শহরে বানরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খাবার ছিনিয়ে নেওয়া, মানুষের চলাচলে বাধা সৃষ্টি এবং অন্যান্য সংঘাতের ঘটনাও ঘটেছে। ফলে তাদের নিরাপদ ব্যবস্থাপনা এখন গুরুত্বপূর্ণ বিষয়।
অদ্ভুত এই উৎসব শুধু একটি খাবারের আয়োজন নয়; এটি লোপবুরি শহরের সংস্কৃতি, পর্যটন এবং মানুষ ও বন্যপ্রাণীর সম্পর্কের এক ব্যতিক্রমী উদাহরণ।
Source: Associated Press (AP), The Nation Thailand