দক্ষিণ ইংল্যান্ডে ট্রেনে ছারপোকার তীব্র উপদ্রব দেখা দেওয়ায় কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। ট্রেনের বগি ও চালকদের ক্যাবে ছারপোকা পাওয়ার পর সংশ্লিষ্ট ট্রেনগুলো সময়সূচি থেকে সরিয়ে নেয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান সাউথইস্টার্ন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সাসেক্সের হেস্টিংসের কাছে ওয়েস্ট মেরিনা ট্রেন কেয়ার ডিপো থেকে এই উপদ্রব ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। লন্ডন ও কেন্টের মধ্যে চলাচলকারী ট্রেনের পাশাপাশি সাউথইস্টার্নের হাই স্পিড ১ লাইনের ট্রেনেও ছারপোকা পাওয়ার খবর পাওয়া গেছে।
গত ২২ সেপ্টেম্বর প্রথম ছারপোকা শনাক্ত হওয়ার পর একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়। রেলকর্মীদের অভিযোগ, তারা চালকদের ক্যাব ও ব্যাগে ছারপোকা দেখতে পেয়েছেন। আক্রান্ত ট্রেনে উঠতে অস্বীকৃতি জানান কয়েকজন চালক। প্রয়োজনীয় সুরক্ষা পোশাক না পাওয়ায় দুটি ট্রেনের যাত্রাও বাতিল করতে হয়।
রেলকর্মীদের মধ্যে ‘বেডবাগ এক্সপ্রেস’ নামে পরিচিত একটি ট্রেনও ছারপোকার কারণে আলোচনায় এসেছে। আক্রান্ত একটি বগি ও পাশের আরেকটি বগি বন্ধ করে রাখলেও ট্রেনটি পুরো মঙ্গলবার বিভিন্ন স্টেশনের মধ্যে চলাচল করে। পরে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।
সাউথইস্টার্ন জানিয়েছে, মোট চারটি ট্রেনে ছারপোকার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুটি ট্রেনে ছারপোকার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেগুলো পরিষ্কার ও পরীক্ষা করে পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে।
প্রতিষ্ঠানটির হেড অব ড্রাইভার্স অলি টার্নার জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র দুটি ট্রেনের চালকদের ক্যাবে ছারপোকা পাওয়া গেছে। যাত্রীদের বসার বগি বা সাধারণ আসনে ছারপোকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন ও স্টেশনগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে।