বাংলাদেশে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে টয়োটা তুশো করপোরেশন। ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানার কার্যক্রম শুরু করে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল জানায়, এইচইভি উৎপাদন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে চায় তারা।
টয়োটা বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছে। পাশাপাশি তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ, প্রয়োজনীয় নীতি সহায়তা ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।
বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও টয়োটা তুশোর বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।