চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করার দাবি জানান। রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর উপাচার্য ভবনে তালা দেওয়া হয়।

এর আগে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।