বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার ভয়াবহ সার্ভার বিপর্যয়ের পর অভ্যন্তরীণভাবে ‘কোড রেড’ বা সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। চলতি মাসের ১২ ও ১৩ নভেম্বর ঘটে যাওয়া ওই বিপর্যয়ে বিশ্বের অসংখ্য করপোরেট গ্রাহক ও সরকারি সংস্থা ইমেইলসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভবিষ্যতে বড় ধরনের সেবা বিপর্যয় প্রতিরোধ এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রকৌশল ও পরিচালনাগত ত্রুটি দূর করতে এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয়টি মূলত মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক ইমেইল সেবা ‘এক্সচেঞ্জ অনলাইন’-কে অচল করে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। এম৩৬৫ কোরের প্রেসিডেন্ট জেসন হেন্ডারসন কর্মীদের পাঠানো এক মেমোতে একে এক্সচেঞ্জ অনলাইনের ইতিহাসে গ্রাহকদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এর আগে কখনো এত বিপুলসংখ্যক গ্রাহক এত দীর্ঘ সময় ইমেইল সেবা থেকে বঞ্চিত থাকেননি এবং কোড রেড মানেই এই কাজটি এখন দলের সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে, এম৩৬৫ কোর ও ওয়ার্ক আইকিউয়ের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট অ্যামান্ডা সিলভার জানান, বিপর্যয়ের সময় প্রকৌশলীদের চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অভ্যন্তরীণ তথ্য বিভিন্ন সিস্টেমে ছড়িয়ে থাকায় পরিস্থিতি বুঝতে প্রকৌশলীরা ১১টি টিমস চ্যাটে ১১ হাজারের বেশি বার্তা আদান-প্রদান করেন। এ ছাড়া নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না এই ব্যর্থতাকে প্রায় ১০ বছরের গ্রহণযোগ্য ত্রুটির সমতুল্য বলে মন্তব্য করেন।
নতুন এই কোড রেড উদ্যোগের আওতায় ভবিষ্যতে যেকোনো বৈশ্বিক বিপর্যয় এক ঘণ্টার মধ্যে সমাধানের লক্ষ্য নির্ধারণ করেছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে দ্রুত সমস্যা শনাক্ত ও তথ্য বিশ্লেষণে আরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই এজেন্ট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে করপোরেট সিস্টেমে এআই এজেন্টের ব্যবহার নিয়ে প্রযুক্তি খাতে এখনো সংশয় রয়েছে; কারণ সম্প্রতি মেটা ও অ্যামাজনে এআই এজেন্টের ত্রুটির কারণে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল।
এদিকে গত এক বছরে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পর মাইক্রোসফট আরও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে, যা প্রতিষ্ঠানটির অবশিষ্ট জনবলের এক-চতুর্থাংশের বেশি। ব্যাপক এই জনবল সংকোচনের মধ্যে এআই এজেন্ট দিয়ে প্রকৌশলীদের শূন্যতা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে।