একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য, বিদ্যুৎ, পল্লী অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ ও অন্যান্য খাতে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে একটি হলো আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপনের দ্বিতীয় সংশোধনী।অন্যটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সহায়ক ভবন নির্মাণের দ্বিতীয় সংশোধনী। এছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ১১তম ও ১২তম তলা সংযোজনের পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে একটি হলো ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ক্ষমতা বৃদ্ধি।অন্যটি হলো চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য অনুমোদিত হয়েছে।পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে।

অনুমোদিত ১০টি প্রকল্পের মোট ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।এই প্রকল্পগুলো স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিতরণ, পল্লী অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণে! উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Follow For More