বাংলাদেশে গত ১১ বছরে অন্তত ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর অধিকাংশই ঘটেছে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। বনাঞ্চল সংকুচিত হওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় বিপন্ন প্রাণীটির অস্তিত্ব রক্ষা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছে বন অধিদপ্তর।
বন অধিদপ্তরের মধ্যাঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন জানান, ২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এসব হাতির মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১টি হাতির মৃত্যু ঘটে ২০১৯-২০ অর্থবছরে। কৃষিজমিতে বন্য প্রাণীর প্রবেশ ঠেকাতে কৃষকদের স্থাপন করা বৈদ্যুতিক বেড়ার সংস্পর্শে এসে অধিকাংশ হাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াবাজারের একটি কমিউনিটি সেন্টারে হাতি সংরক্ষণবিষয়ক তিন দিনব্যাপী সচেতনতামূলক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের উদ্যোগে হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
জহির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বর্তমানে প্রায় ৪৫০টি হাতি রয়েছে। এসব প্রাণী রক্ষায় মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাতি সংরক্ষণ জোরদারে সরকার ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটির লক্ষ্য হাতির আবাসস্থল সংরক্ষণ, নিরাপদ প্রজননক্ষেত্র ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, মানুষ-হাতি সংঘাতের কারণ চিহ্নিত করা এবং হাতির সংখ্যা স্থিতিশীল রাখার পাশাপাশি মৃত্যুর ঘটনা কমানো।
মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, এ অঞ্চলে বন্দি অবস্থায় ২৯টি এবং বন্য পরিবেশে তিনটি হাতি রয়েছে। বন্য হাতিগুলোই সব স্ত্রী হাতি। এগুলো জুড়ী ও বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড় সংরক্ষিত বন এবং ভারতের আসাম রাজ্যের বনাঞ্চলের মধ্যে চলাচল করে। এর মধ্যে একটি হাতি বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছে।
সেমিনারে স্থানীয় বাসিন্দারা হরারগজ সংরক্ষিত বনে হাতির অভয়ারণ্য প্রতিষ্ঠার দাবি জানান। বন কর্মকর্তারা জানান, জুড়ীর লাঠিটিলা সংরক্ষিত বনে হাতির সংখ্যা বাড়াতে একটি পুরুষ হাতি আনার প্রস্তাব আগে পর্যালোচনা করা হলেও সংশ্লিষ্ট কমিটি তা অনুমোদন করেনি। বর্তমানে কক্সবাজারে একটি অভয়ারণ্য প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। হরারগজে অভয়ারণ্য তৈরির বিষয়টি এলাকার উপযুক্ততা যাচাইয়ের পর বিবেচনা করা হবে।