মুসলিম বন্ধুর শেষ বিদায়ে নীরব হিন্দু বাল্যবন্ধু

ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও প্রিয় বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলার সময় ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন পাশের একটি ব্রিজের ওপর।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে।

বার্ধক্যজনিত কারণে কৃষক আব্দুল হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)।

বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের এক পাশে নীরবে দাঁড়িয়ে শেষ বিদায়ের দৃশ্য দেখেন তিনি।

আপ্লুত কণ্ঠে সুরেশ বলেন, ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছেন এবং খেলাধুলা করেছেন। ধর্ম আলাদা হলেও তাদের বন্ধুত্বে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলেন বলেও জানান তিনি।

বন্ধুর মৃত্যুর খবর শুনেই শেষবারের মতো তাকে একনজর দেখতে সেখানে ছুটে এসেছিলেন বলে জানান সুরেশ।

ভিন্ন ধর্মের দুই বন্ধুর দীর্ঘদিনের এই বন্ধুত্ব ও শেষ বিদায়ের মানবিক দৃশ্য স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে।
Follow for more http://dbnnewstoday.com