University of Science and Technology, Chittagong (USTC)-এ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামি চিন্তাবিদ শায়েখ মুহাম্মদ সাইফুল আজম আল-আজহারী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোলাইমান, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘সত্যের সন্ধান: অশান্ত হৃদয়ে ঐশী আলোর পরশ’ শীর্ষক বক্তব্যে শায়েখ মুহাম্মদ সাইফুল আজম আল-আজহারী মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ অনুসরণ এবং নবীপ্রেমের মাধ্যমে আত্মিক প্রশান্তি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মানুষের ব্যক্তিজীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভালো কাজে যুক্ত হওয়া, অন্যকে ক্ষমা করা এবং মহানবী ﷺ-এর শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করা প্রয়োজন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোলাইমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

সেমিনামের আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, পবিত্র কুরআন তিলাওয়াত ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সেমিনার শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন পরিষদের কনভেনার ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া জানান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।