মাত্র ছয় হাজার টাকায় কেনা একটি সাইকেল, আর নিজের স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা। এই দুই সম্বল নিয়ে ১৪৮ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা ঘুরে নতুন এক দৃষ্টান্ত গড়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার তরুণ মোহাম্মদ খাইরুল ইসলাম।
২৩ বছর বয়সী খাইরুল গত ৯ জুন শেরপুরের নকলা উপজেলা থেকে তাঁর সাইকেল ভ্রমণ শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্তের পথ পাড়ি দিয়ে গত ৩ নভেম্বর সকাল ১০টা ৪৩ মিনিটে নিজ উপজেলা মুক্তাগাছায় ফিরে অভিযান শেষ করেন তিনি। তাঁর দাবি, একটানা সাইকেল চালিয়ে ৫০৩টি উপজেলা ভ্রমণের এমন নজির দেশে প্রথম।
এই অভিযানের উদ্দেশ্য শুধু দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখা নয়। গ্রামীণ জনপদের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে জানা এবং পরিবেশবান্ধব ভ্রমণে মানুষকে উৎসাহিত করাও ছিল তাঁর লক্ষ্য।
দীর্ঘ পথচলায় বিভিন্ন অঞ্চলের মানুষের আতিথেয়তা ও আন্তরিকতা পেয়েছেন খাইরুল। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের সহযোগিতা তাঁকে মুগ্ধ করেছে। হাওর ও সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রান্তিক মানুষের দারিদ্র্যও তাঁকে ভাবিয়েছে। তবে যাত্রাপথে মানিকগঞ্জ ও টাঙ্গাইলের সীমান্তবর্তী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়াসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
মুক্তাগাছার ঈশ্বরগ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান খাইরুল শহীদ স্মৃতি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। টিউশনি করে টাকা জমিয়ে ২০২২ সালে ছয় হাজার টাকায় সাইকেলটি কেনেন তিনি। এর আগে ৪৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া রোজা রেখে সাইকেল চালানো এবং ২৪ ঘণ্টায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার মতো অভিযানও সম্পন্ন করেছেন।
তাঁর উদ্যোগে গড়ে ওঠা ‘মুক্তাগাছা সাইক্লিস্ট’ সংগঠনটি স্থানীয় তরুণদের সুস্থ ও মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করছে। খাইরুলের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সীমিত সামর্থ্য নিয়েও বড় স্বপ্ন বাস্তবায়নের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
Source: The Daily Campus