চলতি বছরের SSC ও সমমান পরীক্ষায় GPA-5 পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন।
বুধবার (২ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের হাতে ট্যাব তুলে দেবেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন এবং গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।