বাংলাদেশের বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে যাচ্ছে জাপান। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের এ উদ্যোগ অন্তর্ভুক্ত হতে পারে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশে চীনের প্রভাবের ভারসাম্য তৈরি করা। সম্ভাব্য বিনিয়োগের অর্থ অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে ব্যয় হতে পারে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম শুরু করা কোম্পানিগুলোও এ বিনিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। পাশাপাশি জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং সরকারি-বেসরকারি পর্যায়ে অর্থনীতি ও বিনিয়োগবিষয়ক সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করছে। বিনিয়োগ বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।