ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) Travel and Tourism Development Index 2026-এ ১১০টি অর্থনীতির মধ্যে ৯৮তম হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মূল্যায়ন করা ১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বশেষ।
সূচকে বাংলাদেশের স্কোর ৩.৩৪, যেখানে বৈশ্বিক গড় ৪.১০। ২০২৪ সালের সূচকে ১১৯টি অর্থনীতির মধ্যে বাংলাদেশ ১০৯তম অবস্থানে ছিল, স্কোর ছিল ৩.১৯।
দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মধ্যেও বাংলাদেশ রয়েছে সর্বশেষ অবস্থানে। এ অঞ্চলে ভারত ৩১তম, শ্রীলঙ্কা ৬৯তম, নেপাল ৮৬তম এবং পাকিস্তান ৯৫তম।
WEF-এর এই সূচকে পর্যটন খাতের অবকাঠামো, নীতি, সেবা, সম্পদ ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়। বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান Travel and Tourism Resources-এ, যেখানে দেশটি ৭০তম। অন্যদিকে Travel and Tourism Sustainability-এ বাংলাদেশের অবস্থান ১০৩তম।
পর্যটনসম্পদ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি বাংলাদেশের পর্যটন খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন Knowledge Hub Institute-এর সভাপতি খোন্দকার গোলাম মোয়াজ্জেম। বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিশ্বের শীর্ষ পাঁচ পর্যটন গন্তব্যের তালিকায় রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রেলিয়া ও ফ্রান্স।
WEF-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে রেকর্ড ১৫০ কোটি পর্যটক আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ৭০ লাখ।