১৫০ বছর পর নিউজিল্যান্ডের পাহাড়ে ফিরল জাতীয় পাখি কিউই

দীর্ঘ দেড় শতাব্দীর অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের আশপাশের পাহাড়ে আবারও স্বাধীনভাবে বিচরণ করছে দেশটির জাতীয় প্রতীক কিউই পাখি। স্থানীয় মাওরি জনগোষ্ঠী, পরিবেশকর্মী, কৃষক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে এই অসাধারণ সাফল্য এসেছে।

‘ক্যাপিটাল কিউই প্রজেক্ট’ নামের একটি সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে ২০২২ সালের শেষ দিক থেকে ওয়েলিংটন অঞ্চলে ২৫০টির বেশি কিউই পাখি ফিরিয়ে আনা হয়েছে। বন্য পরিবেশে জন্ম নেওয়া ছানাসহ বর্তমানে এই অঞ্চলে কিউইয়ের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে ধারণা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

তবে পাখিগুলো ফিরিয়ে আনাই ছিল না সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিউই ছানাদের প্রধান শত্রু বেজি-জাতীয় প্রাণী স্টোট। এদের আক্রমণে অধিকাংশ ছানা বড় হওয়ার আগেই মারা যায়। তাই পাখি পুনর্বাসনের আগে প্রায় ২৪ হাজার হেক্টর এলাকায় ৫ হাজার ৩০০টিরও বেশি ফাঁদ স্থাপন করা হয়।

প্রকল্পটির অন্যতম সাফল্য হলো, সংরক্ষিত এলাকায় কিউই ছানাদের বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ফিরিয়ে আনা পাখিগুলো সুস্থ রয়েছে এবং ডিমও দিচ্ছে।

এই উদ্যোগে স্থানীয় মাওরি জনগোষ্ঠীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ভূমির প্রতি দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে পাখিগুলোকে নতুন আবাসস্থলে ফিরিয়ে আনা হয়েছে।

নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই উড়তে পারে না। বর্তমানে দেশজুড়ে এদের সংখ্যা আনুমানিক ৭০ হাজার হলেও প্রতিবছর প্রায় ২ শতাংশ হারে কমছে। তাই ওয়েলিংটনের এই উদ্যোগ শুধু একটি পাখি ফিরিয়ে আনার গল্প নয়, বরং বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

Follow for more