কর্মজীবনের সংকটে মানসিক সুস্থতা ফেরাতে সহায়ক হতে পারে ACT থেরাপি

কর্মজীবনের সংকটে মানসিক সুস্থতা ফেরাতে সহায়ক হতে পারে ACT থেরাপি

কর্মজীবনে অনিশ্চয়তা, চাকরি হারানো, বার্নআউট কিংবা পেশাগত সিদ্ধান্তহীনতা মানুষের মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি (ACT)-ভিত্তিক একটি মনস্তাত্ত্বিক হস্তক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ACT-ভিত্তিক গ্রুপ হস্তক্ষেপে অংশ নেওয়া ব্যক্তিদের মানসিক সুস্থতা, মনস্তাত্ত্বিক নমনীয়তা ও পেশাগত জীবনের অর্থবোধ বেড়েছে। পাশাপাশি মানসিক চাপ ও অস্বস্তিও কমেছে।

Journal of Counseling Psychology-তে প্রকাশিত এ গবেষণাটি কানাডার কুইবেকের ১৬৪ জন ফরাসিভাষী প্রাপ্তবয়স্ককে নিয়ে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে কর্মজীবন পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ব্যক্তি, কর্মক্ষেত্রে অসন্তুষ্ট, বার্নআউটের উপসর্গে ভোগা, চাকরি খুঁজছেন কিংবা ক্যারিয়ারসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকা ব্যক্তিরা ছিলেন।

গবেষণায় অংশগ্রহণকারীদের সাত সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে আড়াই ঘণ্টার অনলাইন গ্রুপ সেশনে যুক্ত করা হয়। এসব সেশনে কঠিন চিন্তা ও আবেগকে গ্রহণ করা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা এবং নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ছিল দলীয় আলোচনা, মাইন্ডফুলনেস অনুশীলন ও বাড়িতে করার কার্যক্রম।

গবেষণায় হস্তক্ষেপে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে অপেক্ষমাণ দলের তুলনা করে মানসিক সুস্থতা, পেশাগত জীবনের অর্থবোধ ও মনস্তাত্ত্বিক নমনীয়তায় ইতিবাচক পরিবর্তন দেখা যায়। মানসিক অস্বস্তিও কমে। হস্তক্ষেপ শেষ হওয়ার প্রায় নয় সপ্তাহ পর, অর্থাৎ ১৭তম সপ্তাহেও এসব উন্নতি বজায় ছিল।

তবে গবেষকরা জানান, অংশগ্রহণকারীদের ক্যারিয়ারে সক্রিয় সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তাদের মতে, এই থেরাপি ব্যক্তিদের কাছে কর্মজীবনের অর্থ ও জীবনে কাজের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করতে পারে। কারও কাছে নিজের বর্তমান পেশা আর মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে না-ও হতে পারে, আবার কেউ পরিবার, শখ কিংবা স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্যে জীবনের অর্থ খুঁজে পেতে পারেন।

গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি অন্য মনস্তাত্ত্বিক বা ক্যারিয়ারভিত্তিক পদ্ধতির সঙ্গে ACT-এর কার্যকারিতা তুলনা করার জন্য পরিচালিত হয়নি। অংশগ্রহণকারীদের নিজস্ব মূল্যায়নের ওপর তথ্য নির্ভর করায় ফলাফলের ব্যাখ্যায় সতর্কতা প্রয়োজন।

গবেষকদের মতে, কর্মজীবনের সংকট মোকাবিলায় এই পদ্ধতি ব্যক্তিদের নিজের মূল্যবোধ বুঝতে, কঠিন অনুভূতির সঙ্গে মানিয়ে নিতে এবং জীবনের অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে পারে।

Follow for more: http://dbnnewstoday.com