প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছি পেল বিশেষ আইনি স্বীকৃতি। বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে এই মৌমাছিদের আইনি অধিকার দেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু একটি পতঙ্গের সুরক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেরুর সাতিপো ও নাউতা অঞ্চলের স্থানীয় প্রশাসন পৃথক অধ্যাদেশের মাধ্যমে দেশটির স্থানীয় হুলবিহীন মৌমাছিদের আইনি অধিকার স্বীকৃতি দিয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সাতিপোতে প্রথম অধ্যাদেশটি অনুমোদিত হয়। পরে নাউতা অঞ্চলও একই ধরনের উদ্যোগ নেয়। এর ফলে মৌমাছিরা এখন আইনগতভাবে অস্তিত্ব বজায় রাখা, সুস্থ পরিবেশে বেঁচে থাকা এবং নিজেদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের অধিকার পেয়েছে।
নতুন এই আইনি স্বীকৃতির আওতায় মৌমাছিদের সুস্থ ও টেকসই জনসংখ্যা বজায় রাখা, দূষণমুক্ত পরিবেশে বসবাস, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং জলবায়ুর স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌমাছিদের আবাসস্থল বা অস্তিত্ব হুমকির মুখে পড়লে তাদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
হুলবিহীন মৌমাছি আমাজন বনের গুরুত্বপূর্ণ পরাগায়নকারী। বিভিন্ন উদ্ভিদের প্রজননে সহায়তা করার পাশাপাশি কফি, কোকো ও অ্যাভোকাডোর মতো ফসল উৎপাদনেও এদের ভূমিকা রয়েছে। আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এসব মৌমাছি পালন করে আসছে। তাদের খাদ্য, ঐতিহ্য ও স্থানীয় জীবিকার সঙ্গেও এই মৌমাছির সম্পর্ক রয়েছে।
তবে বন উজাড়, কীটনাশকের ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য মৌমাছির সঙ্গে প্রতিযোগিতার কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বিজ্ঞানী, পরিবেশবাদী সংগঠন ও আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আইনি স্বীকৃতির আন্দোলন গড়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য দেশেও পতঙ্গ ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন আইন প্রণয়নের পথ দেখাতে পারে। প্রকৃতির প্রতিটি জীবের গুরুত্ব স্বীকার করে পরিবেশ রক্ষায় এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
Follow For More: http://(https://dbnnewstoday.com/)