চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা

চামড়াজাত পণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৬৮ শতাংশ বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। ছয় বছর আগে নির্ধারিত ৭ হাজার ১০০ টাকা থেকে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে শ্রম মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মজুরি কাঠামোর বিষয়টি জানানো হয়।

নতুন কাঠামোতে শ্রমিকদের ছয়টি এবং কর্মচারীদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা, যা আগের ৮ হাজার ৫২৫ টাকার তুলনায় ৬৯ শতাংশ বেশি। অন্যদিকে, শিক্ষানবিশ কর্মীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ষষ্ঠ গ্রেডের সহকারী শ্রমিকরা মাসে ১১ হাজার ৯০০ টাকা পাবেন। এর মধ্যে মূল বেতন ৬ হাজার এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা। পঞ্চম গ্রেডের সাধারণ অপারেটরদের মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, প্রথম গ্রেডের প্রধান কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যানসহ দক্ষ শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা। শ্রমিকদের চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মাসিক ২ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সব গ্রেডে অপরিবর্তিত থাকবে।

কর্মচারীদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। সর্বোচ্চ প্রথম গ্রেডের কর্মচারীরা পাবেন ২০ হাজার ৬০০ টাকা।

প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রমিকদের শিক্ষানবিশকাল হবে তিন মাস। এ সময়ে মাসিক ১০ হাজার টাকা মজুরি দেওয়া হবে। প্রয়োজনে কারখানা মালিকেরা শিক্ষানবিশকাল বাড়াতে পারবেন। এ ছাড়া মূল বেতনের ওপর বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টের বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সরকার এ খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে। কয়েক দফা বৈঠকের পর আগস্টে বোর্ডটি সুপারিশ চূড়ান্ত করে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশে বর্তমানে প্রায় ২০০টি চামড়াজাত পণ্য ও জুতা তৈরির কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে দুই লাখের বেশি শ্রমিক ও কর্মচারী কাজ করেন।