৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরির পরও এশিয়ার ৫ বাজারে সম্প্রসারণের পরিকল্পনা বিন্যান্সের

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স আগামী বছর এশিয়ার পাঁচটি নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। গত মাসে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে ৬.৩ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটলেও আপাতত নতুন করে তহবিল সংগ্রহের প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ নভেম্বর) সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালের এক ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিন্যান্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান এসবি সেকার এ তথ্য জানান।

তিনি বলেন, অন্তত পাঁচ থেকে ছয়টি বাজারে সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিনটি বাজারের সঙ্গে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সম্প্রসারণের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের প্রথম প্রান্তিকে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশের প্রত্যাশা রয়েছে।

বর্তমানে ১৫টি বাজারে পরিচালন লাইসেন্স রয়েছে বিন্যান্সের। তবে নতুন করে কোন পাঁচটি বাজারে প্রবেশের পরিকল্পনা করা হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করেননি সেকার।

গত মাসে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট একটি সাইবার হামলায় বিন্যান্সের প্ল্যাটফর্ম থেকে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং বিন্যান্স এ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত সম্পদের প্রায় ৯৫ শতাংশ প্রতিস্থাপনের পর চলতি মাসের শুরুতে ধাপে ধাপে উত্তোলন কার্যক্রম পুনরায় চালু করে বিন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ অবশিষ্ট নেটওয়ার্ক ও সম্পদের জন্যও উত্তোলন কার্যক্রম পুরোপুরি চালুর লক্ষ্য রয়েছে। পাশাপাশি শিল্পখাতের অংশীদারদের সহযোগিতায় চুরি হওয়া প্রায় ৩ বিলিয়ন ডলারের সম্পদ জব্দে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

হামলার আর্থিক প্রভাব সম্পর্কে সেকার বলেন, ক্ষতিগ্রস্ত সম্পদ পুনরায় পূরণে কোম্পানির নিজস্ব অর্থ ব্যবহার করা হয়েছে। তবে এই ব্যয় সামাল দিতে নতুন করে তহবিল সংগ্রহের প্রয়োজন হবে না। তাঁর দাবি, এ ঘটনা সত্ত্বেও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পরিবর্তন আনতে হবে না।

বিন্যান্স গ্রাহকদের সম্পদের পরিমাণ যাচাইয়ের জন্য নিয়মিত ‘প্রুফ অব রিজার্ভস’ প্রকাশ করে। তবে প্রতিষ্ঠানটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় আয়-ব্যয়ের হিসাব, ব্যালান্স শিট ও নগদ প্রবাহের মতো পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী প্রকাশ করে না বলে জানান সেকার।

এদিকে হামলার ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল বিন্যান্স। সেকারের মতে, আলোচনা এখন শুধু ওই হামলার তদন্তে সীমাবদ্ধ নেই; বরং পুরো ক্রিপ্টোকারেন্সি খাতের সাইবার নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।