প্রত্নতাত্ত্বিক গবেষণা, ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন সভ্যতার ইতিহাস সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এতে গবেষণার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের (এনসিএইচএ) তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৬৫টি জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থানভিত্তিক পার্ক রয়েছে। এসব স্থানে দর্শনার্থীর সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে এসব পার্কে দর্শনার্থীর সংখ্যা ছিল ২ কোটি ৯৭ হাজার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৭৭ লাখ ৪০ হাজারে। পাঁচ বছরে মোট দর্শনার্থীর সংখ্যা ছিল ৩০ কোটি ৩০ লাখ।
মধ্য চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরে অবস্থিত দাহে গ্রাম জাতীয় প্রত্নতাত্ত্বিক পার্কের একটি ভূগর্ভস্থ জাদুঘরে ১ হাজার ৫০০টির বেশি প্রত্নবস্তু প্রদর্শিত হচ্ছে। এসব নিদর্শন প্রায় সাত হাজার বছর আগের নব্যপ্রস্তর যুগের একটি জনবসতির ইতিহাস তুলে ধরে। এ ছাড়া লুওয়াং শহরের বিভিন্ন ঐতিহাসিক সময়ের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।
নতুন পরিকল্পনায় চীনা সভ্যতার উৎপত্তি, প্রাচীন রাষ্ট্রের বিকাশ, পূর্ব এশিয়ায় মানবজাতির বিবর্তন এবং সামুদ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা সম্প্রসারণের কথা বলা হয়েছে। এর পাশাপাশি এরলিতৌ, ইন রুইন্স ও সানশিংদুইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে গবেষণা জোরদার করা হবে।
আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণা পরিচালনার পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে। এ ক্ষেত্রে পাঁচ থেকে দশটি আদর্শ আন্তর্জাতিক গবেষণা প্রকল্প গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রত্নতত্ত্বে ডিজিটাল প্রযুক্তি, আধুনিক গবেষণাগার এবং বিজ্ঞানভিত্তিক পদ্ধতির ব্যবহার বাড়ানো হবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, গবেষণার তথ্য প্রকাশ এবং বিভিন্ন স্থানে শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে।
চীনের এই পরিকল্পনার মূল লক্ষ্য প্রত্নতত্ত্বকে শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।