টয়োপ অ্যাওয়ার্ড পেলেন ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম

স্বেচ্ছাসেবা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘টয়োপ ২০২৬’ অ্যাওয়ার্ড পেয়েছেন ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন শিক্ষা, যুব উন্নয়ন, জীবিকা উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনটির শিক্ষা উদ্যোগ ‘ইগনাইট স্কুল’-এর মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী বিনা মূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে। বর্তমানে ১৫৫ জন শিক্ষার্থী সেখানে বিনা মূল্যে পড়াশোনা করছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের থেরাপি সেবা, ১৫৮টি পরিবারকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ এবং ৫০ হাজারের বেশি মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ তৈরিতেও কাজ করেছে সংস্থাটি।

জহিরুল ইসলাম মাতৃভূমি গ্রুপের পরিচালক এবং মাতৃভূমি হার্ট কেয়ার ও মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।