বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যে শুল্কহার সর্বোচ্চ ১৮ শতাংশে সীমিত রাখার কথা বলা হয়েছে। তবে এই হার চূড়ান্ত নয়; সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত বা আলোচনাধীন বাণিজ্য চুক্তির শর্তের ওপর তা নির্ভর করবে।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং বাজার বিকৃতির অভিযোগের ভিত্তিতে আট মাসের তদন্ত শেষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত শুল্কসীমায় চীন, ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে তুলনামূলক বেশি হার নির্ধারণের কথা বলা হয়েছে। চীনের পণ্যে বাণিজ্যিক সমঝোতা বহাল থাকলে সর্বোচ্চ ২০ শতাংশ এবং তা ভেঙে গেলে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক হতে পারে। ভিয়েতনামের ক্ষেত্রে চুক্তি হলে ২০ শতাংশ, আর আলোচনা ব্যর্থ হলে ৩৫ শতাংশের প্রস্তাব রয়েছে। ভারতের ক্ষেত্রে চুক্তি সম্পন্ন হলে ১৭ শতাংশ এবং চুক্তি না হলে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে।

অন্যদিকে, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের জন্য বিদ্যমান মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্কসহ ১৫ শতাংশ সীমা প্রস্তাব করা হয়েছে। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রেও বাংলাদেশের মতো ১৮ শতাংশ শুল্কসীমার প্রস্তাব রয়েছে। সিঙ্গাপুরের জন্য প্রস্তাবিত সীমা ১০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, শিল্প খাতে ভর্তুকি, শ্রম ও মজুরি দমন এবং বাজারবিকৃতিমূলক নীতির মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরির বিরুদ্ধে এ শুল্ক প্রস্তাব করা হয়েছে। তাঁর মতে, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পের জন্য প্রতিযোগিতায় অসম পরিস্থিতি তৈরি করছে।

প্রস্তাবিত শুল্ক কার্যকর হওয়ার আগে আগামী ২৫ জানুয়ারি একটি গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে শুনানি ও পরবর্তী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন শুল্ক কার্যকর হচ্ছে না।

এদিকে, চীনের পক্ষ থেকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটির ওয়াশিংটন দূতাবাসের এক মুখপাত্র অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয় বলে মন্তব্য করেছেন।

নতুন শুল্ক প্রস্তাব ঘিরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার লেনদেনের শুরুতে দেশটির প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়; প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৩ শতাংশের বেশি কমে যায়।

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কসীমা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে এর প্রভাব কী হবে, তা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দুই দেশের বাণিজ্য চুক্তির শর্তের ওপর।