মুসলিমদের কাছে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সপ্তাহের এই বিশেষ দিনে জুমার নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে।
জুমার দিনের অন্যতম আলোচিত আমল হলো পবিত্র কোরআনের ১৮তম সূরা, সূরা আল-কাহফ পাঠ করা। এই সূরায় ঈমানের পরীক্ষা, ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং পার্থিব জীবনের অস্থায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে।
সূরা আল-কাহফ পাঠের ফজিলত
হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল-কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে বিশেষ নূরের ব্যবস্থা করা হবে।
এই বর্ণনাটি আল-হাকিম ও আল-বায়হাকির সূত্রে বর্ণিত হয়েছে এবং শায়খ আল-আলবানি একে সহিহ হিসেবে মূল্যায়ন করেছেন।
কখন পাঠ করবেন?
বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত সূরা আল-কাহফ পাঠ করা যায়। তাই দিনের যেকোনো সুবিধাজনক সময়ে এটি পাঠের সুযোগ রয়েছে।
শুধু পাঠ নয়, শিক্ষা গ্রহণও জরুরি
সূরা আল-কাহফের কাহিনিগুলো আমাদের শেখায়—ঈমানের ওপর অবিচল থাকা, জ্ঞান অর্জনে বিনয়ী হওয়া, সম্পদের মোহ থেকে দূরে থাকা এবং প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রাখা।
তাই এই জুমায় শুধু তিলাওয়াত নয়, সূরাটির অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টাও হোক আমাদের অঙ্গীকার।