নাসার নতুন পরীক্ষামূলক বিমান এক্স-৭০ ফ্রাক্টাল উন্মোচন

মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের নতুন পরীক্ষামূলক বিমান এক্স-৭০ ফ্রাক্টাল (X-70 Fractal) উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের বিমান প্রযুক্তি, উন্নত ফ্লাইট কন্ট্রোল এবং বিমানের চালচলন ক্ষমতা পরীক্ষার জন্য তৈরি একটি উচ্চ-কার্যক্ষম ও নমনীয় গবেষণা প্ল্যাটফর্ম।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত ইউপি সামিটে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই বিমানটির ঘোষণা দেন। তিনি একে বিমানচালন বা অ্যারোনটিক্সের “নতুন শুরু” বলে অভিহিত করেছেন।
এক্স-৭0 ফ্রাক্টাল একটি ক্রু-বহনকারী বা মানুষ চালিত পরীক্ষামূলক বিমান। এতে রয়েছে দ্রুত পুনর্বিন্যাসযোগ্য ফ্লাইট কন্ট্রোল প্রযুক্তি, যা গবেষকদের বিমানের চালচলন ও নিয়ন্ত্রণ নতুনভাবে পরীক্ষা করার সুযোগ দেবে।
বিমানটির মডুলার বা বিভাজ্য নকশার কারণে ভেতরে ও বাইরে থাকা পরীক্ষামূলক সরঞ্জাম দ্রুত বদলানো যাবে। এতে প্রতিবার নতুন পরীক্ষার জন্য পুরো বিমান পুনর্নির্মাণের প্রয়োজন হবে না; একই বিমানে ভিন্ন ভিন্ন প্রযুক্তি পরীক্ষা করা সম্ভব হবে।

এক্স-৭০ ফ্রাক্টালের টেক-অফ ওজন ১০ হাজার পাউন্ড বা প্রায় ৪,৫৩৫ কেজি। এটি মাক ০.৭৫ গতিতে চলতে পারবে, সর্বোচ্চ ৪৫ হাজার ফুট বা প্রায় ১৩.৭ কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে এবং একবারে প্রায় ১,৭২৬ মাইল বা ২,৭৭৭ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে।
বিমানটি ভেতরে ও বাইরে মিলিয়ে সর্বোচ্চ ২,০০০ পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি পরীক্ষামূলক পেলোড বহন করতে পারবে। এই সক্ষমতা বিমানের নিয়ন্ত্রণ প্রযুক্তি, চালচলন, বায়ুগতিকতা এবং অন্যান্য উন্নত বিমান প্রযুক্তি পরীক্ষায় সহায়তা করবে।

নাসা বলছে, এক্স-৭০ শুধু একটি নতুন বিমান নয়; এটি ভবিষ্যতের বিমান প্রযুক্তির গবেষণার একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিমানের নিয়ন্ত্রণ, চালচলন ও উন্নত বিমান প্রযুক্তির বাস্তব উড্ডয়নে পরীক্ষা করা হবে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, এক্স-৭০ ফ্রাক্টাল আগামী দুই বছরের মধ্যে নাসার পতাকাতলে প্রথম উড্ডয়ন করতে পারে। তিনি আরও বলেন, এটি বিমানচালন গবেষণার নতুন অধ্যায়ের শুধু একটি অংশ; ভবিষ্যতে আরও নতুন পরীক্ষামূলক বিমান আসবে।

নাসার এক্স-সিরিজ বিমানগুলো দীর্ঘদিন ধরে বিমান প্রযুক্তির সীমানা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এক্স-৭০ ফ্রাক্টাল এই ধারারই নতুন সংযোজন, যা ভবিষ্যতের নিরাপদ, দক্ষ ও উন্নত বিমান প্রযুক্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে দ্রুত পরিবর্তনযোগ্য নকশা ও বাস্তব উড্ডয়নে পরীক্ষার সুযোগ এই বিমানটিকে গুরুত্বপূর্ণ করেছে। এটি শুধু বিমানবাহিনী বা বাণিজ্যিক বিমান নয়, বরং ভবিষ্যতের বিমান প্রযুক্তির জন্য একটি চলমান গবেষণাগার হিসেবে কাজ করবে।

Follow For More