gpay এর যাত্রা শুরু, প্রযুক্তি ও সেবা পৌঁছাতে হবে সব শ্রেণি পেশার মানুষের কাছে ড. ইউনূস

আর্থিক লেনদেনকে সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম gpay।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘Solution in gpay’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে gpay-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (PKSF) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।

অনুষ্ঠানে gpay-এর বিভিন্ন সুবিধা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. আহমেদ আরমান সিদ্দিকী। তিনি বলেন, লেনদেনের জটিলতা কমিয়ে সবার জন্য সহজ সমাধান দেওয়াই gpay-এর লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তি ও সেবার সাফল্য নির্ভর করে তা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে তার ওপর। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের শুরুর সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি ও যোগাযোগের সুযোগ গ্রামীণ ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিলে তা তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
অধ্যাপক ইউনূসের বক্তব্য অনুযায়ী, gpay একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। প্রতিষ্ঠানের মুনাফা ব্যক্তিগতভাবে বিতরণ না করে এর সম্প্রসারণে পুনঃবিনিয়োগ করা হবে। এ সময় তিনি গ্রামীণ ইউনিভার্সিটির ‘Three Zeros’ বা ‘তিন শূন্যের’ বিশ্ব গড়ার লক্ষ্যও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘TakaPay’ কার্ড তুলে দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।