রমজানের আগে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর স্থিতিশীল রাখতে ১০টি খাদ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা।

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদি ইউস্যান্স সুবিধা দেওয়া যাবে।

ইউস্যান্স পদ্ধতিতে আমদানিকারকেরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারেন। সরবরাহকারী ঋণের ক্ষেত্রে রপ্তানিকারক পরে অর্থ গ্রহণে সম্মত হন। অন্যদিকে, ক্রেতার ঋণের ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারককে অর্থায়ন করে।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার সম্ভাব্য সময়ের প্রায় তিন মাস আগে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সাধারণত রমজানকে কেন্দ্র করে এসব পণ্যের চাহিদা বাড়ে। বাংলাদেশ গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিশেষ সুবিধা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগে আমদানিকারকদের তাৎক্ষণিক অর্থ পরিশোধের চাপ কমতে পারে। একই সঙ্গে রমজানের আগে প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ ব্যবস্থায় সহায়তা দেওয়াই এ সিদ্ধান্তের লক্ষ্য। তবে বাজারদরের ওপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার ওপর।