মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পিসিতে চালু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এবং এর মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভের কঠোর আপত্তি ও আইনি পদক্ষেপ সত্ত্বেও রিভার্স ইঞ্জিনিয়াররা গেমটিকে পিসিতে চালানোর প্রাথমিক সাফল্য অর্জন করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে গেমটির প্রকাশক প্রতিষ্ঠান।
গত ১৯ নভেম্বর কনসোলের জন্য মুক্তি পাওয়া জিটিএ ৬ শুরুতেই বিনোদন জগতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই গেমটির খুচরা বিক্রি দাঁড়িয়েছে ৩৭৯ কোটি মার্কিন ডলারে, যা শুধু গেমিং নয় বরং সমগ্র বিনোদন শিল্পের ইতিহাসে সর্বোচ্চ। তবে মাইক্রোসফট ও সনির সঙ্গে কনসোল এক্সক্লুসিভিটি চুক্তির কারণে পিসি গেমাররা বর্তমানে আনুষ্ঠানিকভাবে এই গেম খেলার সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।
সাধারণত রকস্টারের বড় গেমগুলোর আনুষ্ঠানিক পিসি সংস্করণ আসতে কয়েক মাস থেকে এক বছরের বেশি সময় লাগে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং টুলের সহজলভ্যতা সেই চিরাচরিত পরিস্থিতি পাল্টে দিয়েছে। দীর্ঘ অপেক্ষার বদলে স্বাধীন ডেভেলপার ও মডাররা ফাঁস হওয়া এক্সবক্স বিল্ড ব্যবহার করে জিটিএ ৬ পিসিতে পোর্ট করার উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টা রুখতে টেক-টু ইন্টারঅ্যাকটিভ এরই মধ্যে কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক গেমিং সংবাদমাধ্যম আইজিএনের প্রতিবেদন অনুযায়ী, ডিএমসিএ কপিরাইট নোটিশ পাঠিয়ে গিটহাব থেকে ৩ হাজারেরও বেশি (সুনির্দিষ্টভাবে ৩ হাজার ৭টি) কোড রিপোজিটরির একটি পুরো নেটওয়ার্ক মুছে ফেলতে বাধ্য করেছে প্রতিষ্ঠানটি ।
তবে প্রকাশকের এই পদক্ষেপের পরও কাজ থেমে নেই। প্রতিদিনই নতুন নতুন প্রকল্প অনলাইনে যুক্ত হচ্ছে এবং পুরো বিষয়টি এখন প্রকাশক ও ডেভেলপারদের মধ্যে ইঁদুর-বিড়াল খেলায় রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট ও সংক্ষিপ্ত ভিডিওতে পিসিতে জিটিএ ৬ চলতে দেখা গেছে। যদিও বর্তমানে ফ্রেম রেট অত্যন্ত কম (প্রতি সেকেন্ডে মাত্র ১ থেকে ৫ ফ্রেম) এবং পুরোপুরি খেলার উপযোগী করতে এখনো অনেক অপ্টিমাইজেশন বাকি রয়েছে। তবুও মুক্তির এক সপ্তাহের কম সময়ে এমন অগ্রগতিকে প্রযুক্তিজগতে বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা একদিকে কনসোল এক্সক্লুসিভিটির কারণে বঞ্চিত পিসি গেমারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও অন্যদিকে সর্বকালের অন্যতম জনপ্রিয় এই গেমে পাইরেসির ঝুঁকি বাড়িয়ে তুলবে। পাশাপাশি এর ফলে ভবিষ্যতে প্রকাশক প্রতিষ্ঠানগুলো তাদের গেমগুলোতে আরও কঠোর প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা আরোপ করতে পারে।