অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়

স্ট্রোককে অনেকেই শুধু বয়স্ক মানুষের রোগ বলে মনে করেন। তবে বাস্তবে তরুণ ও অল্পবয়সীরাও এই গুরুতর স্বাস্থ্যঝুঁকির বাইরে নন। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে কম বয়সেও স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে। তাই বয়স কম বলে হঠাৎ দেখা দেওয়া শারীরিক সমস্যাকে অবহেলা করা বিপজ্জনক।

স্ট্রোক সাধারণত মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে অথবা মস্তিষ্কের কোনো রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে ঘটে। এতে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসা শুরু করতে দেরি হলে স্থায়ী শারীরিক অক্ষমতা এমনকি মৃত্যুও হতে পারে।

অল্পবয়সীদের স্ট্রোকের যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়:

১. মুখ বেঁকে যাওয়া: হঠাৎ মুখের এক পাশ ঝুলে পড়া বা হাসতে গেলে মুখ অসমান দেখানো।

২. হাত-পা দুর্বল বা অবশ হওয়া:শরীরের এক পাশের হাত বা পায়ে হঠাৎ শক্তি কমে যাওয়া কিংবা অনুভূতি হারানো।

৩. কথা জড়িয়ে যাওয়া:কথা বলতে অসুবিধা, অস্পষ্ট উচ্চারণ অথবা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া।

৪. দৃষ্টিশক্তির পরিবর্তন: এক বা দুই চোখে হঠাৎ ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়া।

৫. ভারসাম্য হারানো:হঠাৎ মাথা ঘোরা, হাঁটতে অসুবিধা বা শরীরের ভারসাম্য নষ্ট হওয়া।

৬. তীব্র মাথাব্যথা: কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

উপসর্গ দেখা দিলে কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এসব লক্ষণের কোনোটি দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। লক্ষণ কয়েক মিনিট পর সেরে গেলেও চিকিৎসা জরুরি। উপসর্গ শুরুর সময়টি মনে রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে অ্যাসপিরিন, খাওয়ানো যাবে না।

স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মনে রাখতে হবে, স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।
Follow For More:http://(https://dbnnewstoday.com/)